চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও মানবিক উদ্যোগের মধ্য দিয়ে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদযাপিত হয়েছে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দঘন এ আয়োজনে অতিথিরা এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
রবিবার (২১ জুন) দুপুরে এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় একাত্তর টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
সভা পরিচালনা করেন,বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম,বাংলাভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন,মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী,শিবগঞ্জ শিশু পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক গোলাম মোস্তফা এবং নারী উদ্যোক্তা ইসরাত জাহান ইভা।
বক্তারা বস্তুনিষ্ঠ,সাহসী ও জনমুখী সাংবাদিকতায় একাত্তর টেলিভিশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন,সংবাদমাধ্যম শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়,বরং সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোরও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে অতিথিরা এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
