চাঁপাইনবাবগঞ্জে টোল আদায় বন্ধ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৪:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের টোল আদায় বন্ধ এবং টোলমুক্ত ঘোষণার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
বুধবার(১ জুলাই) বিকেলে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকরা এ কর্মসূচিতে অংশ নেন।
বুধবার বিকেলে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উত্তর প্রান্তে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী অংশ নিয়ে অবরোধকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বক্তব্য দেন।
এ সময় আরও বক্তব্য দেন,অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রকি।
বক্তারা বলেন,ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে এ টোল ব্যবস্থা প্রত্যাহার করে যানবাহন গুলোকে টোলমুক্ত ঘোষণা করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
