তেঁতুলিয়ায় ‘ভোরের চেতনা’র সম্পাদক শফিকুল ইসলামকে ফুলেল সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৪১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, তেঁতুলিয়া:
জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার প্রচার ও প্রসার বাড়াতে এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দেশব্যাপী সফর করছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। এই সফরের অংশ হিসেবে সোমবার তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যান। তাঁর সঙ্গে ছিলেন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।
তেঁতুলিয়া আধুনিক ডাকবাংলোয় পৌঁছালে ‘ভোরের চেতনা’র পঞ্চগড় প্রতিনিধি ইভেনের নেতৃত্বে স্থানীয় সংবাদকর্মীরা সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে সেখানে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই দৈনিক ভোরের চেতনার মূল লক্ষ্য।” বর্তমান সময়ে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করে পেশাদারত্ব বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরাই একটি জাতীয় পত্রিকার প্রাণ। তাঁদের পরিশ্রমের কারণেই দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জাতীয় পর্যায়ে উঠে আসে। প্রতিনিধিদের দক্ষতা বাড়াতে এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এই ধরনের মতবিনিময় ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সভায় প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ভাষার শুদ্ধ প্রয়োগ, ছবি-ভিডিও ধারণের কৌশল এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন কারিগরি দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্রতিনিধিদের আরও আন্তরিকতার সঙ্গে মানসম্মত ও সময়োপযোগী সংবাদ প্রকাশের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা ও বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ভোরের চেতনা’র পঞ্চগড় প্রতিনিধি ইভেন, দেশ এডিশনের পঞ্চগড় প্রতিনিধি মো. রাকিব হাসানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভা শেষে সম্পাদক ও প্রকাশক সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পত্রিকার ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
