বগুড়ায় ‘ভোরের চেতনা’র সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

আব্দুর রহিম:
বগুড়ায় জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার উদ্যোগে প্রতিনিধি মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের পাঁচ তারকা হোটেল মম ইনে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি তাহেরা জামান লিপি-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিশেষ প্রতিনিধি হাকিম আব্দুল গনি মন্ডল, জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুর রহমান নাহিদ, জেলা ক্রাইম রিপোর্টার শাকিকুল ইসলাম শাকিল, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি শাহীন আলম সাজু, গাবতলী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ শান্ত এবং শাজাহানপুর উপজেলা প্রতিনিধি মিজু আহম্মেদসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।
সূচনায় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর সাংবাদিকদের পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ আবহে আয়োজিত সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, পেশাগত নৈতিকতা, তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব এবং জনস্বার্থ রক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। মুক্ত আলোচনায় সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি পত্রিকার বস্তুনিষ্ঠতা ও পাঠকপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে নানা গঠনমূলক পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম বলেন,
“সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সততা, দায়বদ্ধতা ও জনকল্যাণের অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। ভোরের চেতনা অতীতের মতোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ বলেন,
“সংবাদের বস্তুনিষ্ঠতা ও তথ্যের নির্ভুলতাই একটি পত্রিকার মূল ভিত্তি। আধুনিক সাংবাদিকতায় অনুসন্ধানী প্রতিবেদনের বিকল্প নেই। মাঠপর্যায়ের সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও যত্নশীল হতে হবে। শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে ‘ভোরের চেতনা’ প্রতিটি পাঠকের আস্থা অর্জনে অনন্য ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে তাহেরা জামান লিপি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়বদ্ধতার মাধ্যমে ‘ভোরের চেতনা’ আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছাবে। তিনি সকলকে সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শ লালন করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
