- আপডেট সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার উদ্যোগের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
আব্দুস সালাম ফুলবাড়ী
আজ জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে সেটা যে ফুলবাড়ীর কৃষিজমি, বসতভিটা, জলাধার ও পরিবেশের ওপর যে মারাত্মক প্রভাব ফেলবে, তা বহু আগেই বিশেষজ্ঞরা বলেছেন। ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা রুখে দিতে ২০০৬ সালে গণআন্দোলনে শহীদ হয়েছেন আমিন, তরিকুল ও সালেকীন। সেই শহীদদের রক্তে লেখা হয়েছে ফুলবাড়ী চুক্তি, যেখানে স্পষ্টভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি না করার ব্যাপারে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল।
আমরা সরকারের প্রতি আহবান জানাই, ফুলবাড়ী চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করুন। জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে কোনো ধরনের উন্মুক্ত কয়লা খনি বাস্তবায়নের উদ্যোগ জনগণ মেনে নেবে না। ফুলবাড়ীর মানুষের জীবন ও ভবিষ্যৎকে বিপন্ন করে ফুলবাড়ীর সম্পদ ব্যবহারের কোনো অধিকার কারও নেই।
আমরা আশা করি, সরকারের সিদ্ধান্ত যেন ফুলবাড়ীর প্রাণ-প্রকৃতি, কৃষি, পানি ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর ও জনবান্ধব হয়। এর অন্যথা হলে, জনগণকে সাথে নিয়েই আমরা ফুলবাড়ীর মানুষের অধিকার রক্ষার আন্দোলন এগিয়ে নিয়ে যাব।
আব্দুল মোত্তালেব পাপ্পু
সদস্য সচিব
গণসংহতি আন্দোলন-জিএসএ
ফুলবাড়ী উপজেলা শাখা
০২/০৯/২০২৬
