চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ
- আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করেছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের মোড়লটলা গ্রামস্থ জনৈক রহিমের আমবাগানে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। এ সময় সংঘবদ্ধ মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত নেশাজাতীয় ইনজেকশন বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
