কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা আনার সময় আটক ৫
- আপডেট সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা এনে বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সম্পর্কে শ্বশুর, মেয়ে ও জামাই রয়েছেন। এ সময় এক নারী আসামীর সঙ্গে থাকা প্রায় ছয় মাস বয়সী একটি ছেলে শিশুও উদ্ধার হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বাজার এলাকার পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি এসি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো আটটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় দুই কেজি করে মোট ১৬ কেজি গাঁজা ছিল। গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলার মো. সুইট (২৪), কাশিয়াবাড়ির মো. মতিউর রহমান (৪০), তারাপুর পোড়াপাড়ার মো. জিহাদ আলী (২০), নতুন বারোরাশিয়ার মো. অসীম আলী (২০) এবং দায়পুকুরিয়া এলাকার মোছা. মমেনা খাতুন (২৪)। তাদের মধ্যে মমেনা খাতুন মতিউর রহমানের মেয়ে এবং মো. সুইট তার জামাতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। সুইট দীর্ঘদিন কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে সেখানে মাদক সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময় গাঁজা সরবরাহ করতেন। সংঘবদ্ধভাবে তারা নিয়মিত কুমিল্লা থেকে গাঁজা এনে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপপরিদর্শক মামুনুর রশিদ এ মামলার আইনগত কার্যক্রম পরিচালনা করবেন।
