বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, তীব্র তাপদাহ প্রশমন এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আমজোয়ান গ্রামের একটি স্থানীয় পুকুরপাড়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ইবিএ প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের সুবিধাভোগীরা। বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ ও শুষ্ক আবহাওয়ায় তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছের ভূমিকার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। এ কারণে বরেন্দ্র অঞ্চলে ব্যাপকভাবে তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে বিএমডিএ। সংশ্লিষ্টরা জানান, তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাল ও তালের রস, গুড়সহ বিভিন্ন উপজাত স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
বিএমডিএর ইবিএ প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নাচোল উপজেলার আমজোয়ান গ্রামে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হলো।
