উখিয়ার পালংখালীতে মাদক ও সার চোরাচালান প্রতিরোধে ‘প্রত্যয়’ সংগঠনের পক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ।
- আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মোঃ হারুন অর রশিদ উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
শুক্রবার ৯ (অক্টোবর) ২০২৬ বিকাল ৩টার দিকে
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদক, সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সীমান্ত পার করা ও সামাজিক অবক্ষয় রুখতে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘প্রত্যয়’।
সীমান্তবর্তী এলাকায় আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়া ইয়াবার অবৈধ কারবার এবং কৃষকের হকের সার সীমান্ত পার করার প্রতিবাদ ও তা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এ কার্যক্রমের আয়োজন করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ‘প্রত্যয়’ সংগঠনের সভাপতি ফায়েজ, সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আশেক ইলাহি রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াবুল হক, সদস্য মাওলানা ওমর ফারুক, এবং পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিদুওয়ান ফারাবী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ইয়াবার ভয়াবহ বিস্তার যেমন আমাদের যুবসমাজ ও তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে, ঠিক তেমনই কৃষকের জন্য সরকার প্রদত্ত ভর্তুকির সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালানের মাধ্যমে সীমান্ত পার হওয়ায় স্থানীয় কৃষকরা সঠিক সময়ে প্রয়োজনীয় সার পাচ্ছেন না। এতে সাধারণ ও প্রান্তিক কৃষকেরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা ভবিষ্যতে অঞ্চলে কৃত্রিম সার সংকট ও খাদ্য সংকটের ঝুঁকি তৈরি করছে।
সংগঠনের পক্ষ থেকে এলাকা বা সীমান্তে সন্দেহজনক আড্ডা, কেনাবেচা কিংবা বস্তা ভর্তি মালামাল আনা-নেওয়ার গোপন তথ্য পাওয়া মাত্রই তা স্থানীয় প্রশাসন অথবা ‘প্রত্যয়’ সংগঠনকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়। এছাড়া ইয়াবা কারবারি ও চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিবর্গসহ তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়।
”কৃষকের সার ও তরুণের ভবিষ্যৎ রক্ষা করতে চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গড়ুন”— এ স্লোগানকে সামনে রেখে ‘প্রত্যয়’ সংগঠনটি নিরাপদ ও সচেতন পালংখালী গড়ার লক্ষে কাজ করে যাওয়ার সামাজিক অঙ্গীকার ব্যক্ত করে।
